রংপুরে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু
আগুন নেভাতে গিয়ে এক যুবক ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন; পরে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রংপুরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে রংপুর নগরীর খামারপাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে।
নিহত নূর আলম (১৮) স্থানীয় বাদল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে খামাড়পাড়ায় তাবলিগ মসজিদের পাশে ফকির চান নামের এক ব্যক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই পাশের মাজেদ মিয়ার একতলা বাড়ির ছাদে উঠে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, নূর আলম নামের এক যুবক আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে সিঁড়িতে লেগে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ তাদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে।
এলাকাবাসীর অভিযোগ, বাড়ির মালিক মাজেদ মিয়া ছাদ থেকে ধাক্কা দিয়ে নূর আলমকে ফেলে দিয়েছেন।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, আগুন নেভাতে একসঙ্গে অনেকেই একটি বাড়ির ছাদে উঠেছিল। সেখান থেকে নূর আলম নামের এক যুবক পড়ে গিয়ে মারা গেছেন।
“তবে কীভাবে ছাদ থেকে পড়েছে বা কেউ তাকে ধাক্কা দিয়েছে কিনা, তা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।”
তিনি আরও বলেন, ওই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিক্ষুব্ধদের হামলায় দুই পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন।
