২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

আহত র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 12:31 AM

Updated : 14 Feb 2024, 01:48 AM

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে র‌্যাব। এ সময় হামলাকারীরা র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি সংস্থাটির।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম জানান।

আহত ইমরান হোসেন (৩৫) নরসিংদী র‍্যাব-১১ এর সদস্য। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

পলাতক ইউনুস আলী (৪০) সোনাকান্দী গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে সহকারী পুলিশ সুপার আফসান বলেন, ঢাকার র‌্যাব-১ ও নরসিংদী র‍্যাব-১১ এর যৌথ দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। অভিযানে র‌্যাব ‘মাদক ব্যবসায়ী’ ইউনুসকে গ্রেপ্তার করে।

এ সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা করে ইউনুসকে ছিনিয়ে নেয় তার আত্মীয় স্বজনরা; হামলাকারীদের অস্ত্রের কোপে ইমরান মাথা ও হাত জখম হয় বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাব অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন; তবে এ বিষয়ে এখনি বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে জানান সহকারী পুলিশ সুপার সামসুল।

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে র‌্যাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সংস্থাটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।