২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আধঘণ্টার ভাঙনে যমুনায় বিলীন হল ১০০ বাড়িঘর

“কিছুই নেই আর; দুটি ঘর, কাপড়, কাঁথা-বালিশ, হাঁস-মুরগি, দুই ভরি সোনার গয়না ছিল সেসবও ভেসে গেছে।”

বগুড়ায় আধঘণ্টার ভাঙনে যমুনায় বিলীন হল ১০০ বাড়িঘর

হঠাৎ ভাঙনে যমুনায় বিলীন হয়েছে সারিয়াকান্দীর একটি গ্রামের অন্তত ১০০টি বাড়ি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 07:29 PM

Updated : 31 Aug 2023, 07:29 PM

বগুড়ার সারিয়াকান্দীর একটি গ্রামে যমুনার মাত্র আধঘণ্টার ভাঙনে বিলীন হয়েছে অন্তত ১০০টি বাড়ি।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ইছামারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান ।

যমুনার মাত্র ৩০ মিনিটের তাণ্ডব দেখে রীতিমতো হতবাক স্থানীয়রা।

সারিয়াকান্দী উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা, টিটুরমোড়, ফকিরপাড়া, খোকার মোড়সহ বেশ কিছু এলাকা বর্ষার শুরু থেকেই হুমকির মুখে পড়ে বলে জানান এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে ভাঙন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। কিন্তু গত কয়েকদিনে যমুনার পানি ক্রমেই বেড়ে যাওয়ায় ভাঙন আরও তীব্র হয়।

ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে ইছামারা পয়েন্টে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এর পরপরই নিমেষেই ভাঙনের কবলে পড়ে স্বপ্না বেওয়া, রবিন মিয়া, হাওয়া বেগম, আব্দুল বাছেদের বাড়িসহ অন্তত ১০০টি ঘর। চোখের পলকে যমুনায় ভেসে চলে যায় এসব বাড়ির জিনিসপত্র, আশপাশের গাছপালাসহ সবকিছু।

পানিতে ভেসে গেছে গবাদী পশুসহ হাস-মুরগি। ভাঙ্গন শুরু হওয়ার পর ইছামারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন গবাদি পশু, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে।

ভাঙনে অন্তত একশ পরিবারের মানুষ কিছুই রক্ষা করতে পারেননি বলে জানান ইউপি চেয়ারম্যান। এছাড়া ভাঙনের ভয়ে আশপাশের আরও অন্তত আড়াইশ পরিবারের মানুষ ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের দিকে চলে গেছেন।

স্বপ্না বেওয়ার স্বামী মারা গেছেন, অনেক কষ্টে সংসার সামলে ছিলেন তিনি। তারও ঘর ভেসেছে যমুনায়।

অনেকটা পাগলের মত প্রলাপ করে তিনি বলেন, “কিছুই নেই আর। দুটি ঘর, কাপড়, কাঁথা-বালিশ, হাঁস-মুরগি সবই ভেসে গেছে। দুই ভরি সোনার গয়না ছিল একটা বাক্সে, সেসবও ভেসে গেছে।”

ঘর ভেঙে যাওয়ায় স্ত্রী-কন্যা নিয়ে কোথায় উঠবেন বুঝতে পারছেন না দিনমজুর আব্দুল বাছেদ। তার দুটি ঘর ভেসে গেছে, গরু-ছাগল কোথায় গেছে তাও জানেন না তিনি।

ইছামারা গ্রামের রেজাউল বলেন, “পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা কাজ শুরু করলেও কাজে গতি ছিল না।  প্রথম থেকে দ্রুত কাজ করলে আজ এ অবস্থায় পড়তে হতো না। মাত্র ৩০ মিটিটের তাণ্ডব দেখে হতবাক হয়ে গেছি।”

পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, আশ্রয়হীন পরিবারগুলোকে আপাতত ইউনিয়ন পরিষদের পাশে দড়িপাড়ায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। পরে সুযোগ মতো তাদের পুনর্বাসন করা হবে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, বর্ষার শুরু থেকেই কামালপুর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি ঝুকিপূর্ণ স্থানে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হয়।

তিনি বলেন, “গত কয়েক দিন হল যমুনায় উজান থেকে বয়ে আসা পানি বৃদ্ধি পেতে থাকে। বৃহস্পতিবার যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। দুপুরে হঠাৎ করেই তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে ইছামারা গ্রামের এসব বাড়ি ভাঙনের কবলে পড়ে। ”

তবে ভাঙন রক্ষায় রাজ অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।