২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে আমি ভালো জানতাম: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

ফখরুলকে আমি ভালো জানতাম: আইনমন্ত্রী

পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে শুক্রবার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন আইনমন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 12:53 PM

Updated : 27 Oct 2023, 02:42 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তায় তার সম্পর্কে ‘ধারণা বদলে গেছে’ আইনমন্ত্রী আনিসুল হকের।


তিনি বলেছেন, “মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন।”


‘রাতেও আদালত বসছে’- বিএনপি নেতা মির্জা ফখরুলের এমন মন্তব্য নিয়ে শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “আপনি গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা আদালতে মামলা পরিচালনা বলেন, কোনোটাই আটকে রাখতে পারবে না। সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এবারকার আন্দোলন ফলাফলের দিকে যাচ্ছে এবং জনগণের বিজয় অনিবার্য।”

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায়। সংবাদ সম্মেলনে সে কথাই বলছিলেন ফখরুল।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে শুক্রবার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন আইনমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে নামেন তিনি।


আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা এ সময় উপস্থিত ছিলেন।