নৃত্যশিল্পী পরিচয়ের আড়ালে ‘ডাকাতি’, গ্রেপ্তার ৬
এরা নানা সামাজিক অনুষ্ঠানে ‘ড্যান্স কনসার্টে’ বিভিন্ন ধনী ব্যক্তির সঙ্গে সখ্যতা গড়ে তুলে তাদের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করতনে বলে র্যাবের ভাষ্য।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ডাকাত সন্দেহে ছয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা নিজেদের নাচের দলের সদস্য পরিচয় দিতেন বলে র্যাব জানিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্বভবনাথপুর থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীর বাবুল মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন রনি (২৫), আড়াইহাজারের জাঙ্গালিয়া দামীরদারের প্রয়াত নুকুর ছেলে মো. সোহেল (৩২), সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়ার প্রয়াত নাক্কু মিয়ার ছেলে আল-আমিন (২৩), ঢাকার ধামরাইয়ের চৌটাইলের প্রয়াত আব্দুল মালেকের ছেলে শহিদুল ইসলাম (২৬), সাভারের কাতলাপুরের প্রয়াত ওমর হোসেনের ছেলে ইসমাইল (৩৮), গোপালগঞ্জ সদরের রাউৎপাড়ার নারায়ণ চন্দ্র দের ছেলে সুজয় দে (৩০)।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত শুক্রবারের এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এরা এ বছরের ৬ এপ্রিল ও ২৪ এপ্রিল আড়াইহাজারে দুটি ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করেছে। সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়, ডাকাতদলের প্রধান সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি, সোনারগাঁয়ে একটি ডাকাতি মামলা রয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সাখাওয়াত ও সোহেল এর আগেও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ডাকাতদলের প্রধান সাখাওয়াত কাঁচপুর এলাকায় বন্ধু ড্যান্স একাডেমি নামে একটি নাচের দলের প্রধান প্রশিক্ষক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ি টার্গেট করেন এবং তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে টার্গেট করা বাড়িতে পরিকল্পনা করে ডাকাতি পরিচালনা করেন।
গ্রেপ্তার অন্যরাও সমাজের বিভিন্ন স্তরে কোনো না কোনো পেশায় নিয়োজিত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
তাদের কাছ থেকে ম্যাগজিনভরতি একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা ও এক রাউন্ড ব্ল্যাংক গুলি, একটি ছোরা, একটি রামদা, একটি চায়নিজ কুড়াল, দুইটি তালা ভাঙার শাবল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
