৬০ বোতল ফেনসিডিল বহনের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
বছর দুয়েক আগে ঢাকাগামী একটি বাসে তিনি ধরা পড়েন।
নাটোরে ৬০ বোতল বহনের দায়ে শাহ আলম নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন।
দণ্ডিত শাহ আলম রাজশাহীর সাতবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১২ অগাস্ট নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় যাত্রী শাহ আলমের পায়ের কাছ থেকে একটি ব্যাগে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়।
