১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে যৌথ অভিযানে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরে যৌথ অভিযানে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 10:43 PM

Updated : 09 Aug 2023, 10:43 PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা।

এ সময় বাজার তদারকির কাজে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, অভিযানে ফরিদগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড এলাকায় আরাফাত হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে বাসি কাবাব পাওয়া, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ফুডগ্রেড কালার দিয়ে কেক তৈরির অপরাধে ১৫ হাজার জরিমানা করা হয়।

একই এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আছ নিফা ফার্মেসিকে ৫ হাজার টাকা, বাজারে পেঁয়াজ, আদা, আলু ও রসুনের পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ব্রাদার্সে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আল শিফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নুর হোসেন রুবেল বলেন, “এরপর একই এলাকার মোহছেন আউলয়া হোটেলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকার দায়ে ১৫ হাজার টাকা, একই এলাকায় তিনটি ফল দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা,  মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ডেঙ্গু পরীক্ষার ফি বেশি রাখার দায়ে ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় মনির হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করে ফরিদগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।