Published : 17 Sep 2026, 04:52 PM
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি করপোরেশনের অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি তিন ভবন মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভবনের নির্মাণসামগ্রী রাখার স্থান, লিফটের খোপ ও অন্যান্য স্থানে পানি জমে থাকতে দেখা যায়। এসব স্থানে পানি জমিয়ে রাখার অপরাধে তিন ভবন মালিকের বিরুদ্ধে জরিমানা ও শোকজের ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তা নির্বাহী নাজিয়া হোসেন।
নাজিয়া বলেন, “অভিযানে ঝাউতলা এলাকায় পানি ভবন সড়কে এক জন চিকিৎসকের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা এবং বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় ভবনে লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
“পরে ঝাউতলা নিরাময় হাসপাতালের গলিতে একটি নির্মানাধীন ভবনে পানি জমা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”
তিনি বলেন, “সিটি কর্পোরেশনের মশক নিধন দল আমাদের সহযোগিতা করেছেন। পরবর্তীতে আমরা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদদের টীমের সহযগিতা নিয়ে লার্ভা পরীক্ষায় নামবো। যারা আমাদের সতর্কতা মানছেন না- তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. আবদুস সালাম, ফুড অ্যান্ড স্যানিটারি অফিসার নাজিম উদ্দিন, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জুয়েলসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান।