২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ চাল: ওজনে কম দেওয়া, টাকা আদায়ের অভিযোগ

খরচ বাবদ টাকা আদায়ের কথা স্বীকার করলেও ওজনে কম দেওয়ার কথা ইউপি চেয়ারম্যান অস্বীকার করেছেন।

ভিজিএফ চাল: ওজনে কম দেওয়া, টাকা আদায়ের অভিযোগ

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 07:09 PM

Updated : 19 Apr 2023, 02:54 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসন্ন ঈদে দুস্থ ও অতি দরিদ্রদের ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়া ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

গত সোমবার কুশলা ইউনিয়নে ৯৩০ জনকে ভিজিএফের চাল দেওয়া হয়। তাদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সাড়ে ৯ কেজি করে দেওয়া হয় এবং প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিতরণের খরচ বাবদ টাকা আদায়ের কথা স্বীকার করলেও ওজনে কম দেওয়ার কথা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অস্বীকার করেছেন।  

এই অভিযোগের বিষয়টি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

ভিজিএফের সুফল ভোগী কুশলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামের গৃহবধূ পারভীন বেগম (৪৫), লিপি বেগম (৪০) ও বিধবা মর্জিনা বেগমসহ (৫০) আরো কয়েকজন গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন।

তাদের প্রত্যেককে সাড়ে ৯ কোজি করে চাল দেওয়া হয় এবং প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে আদায় করা হয় বলে তারা অভিযোগ করেন।

কুশলা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য আসমা বেগম চাল বিতরণে ২০ টাকা করে আদায়ের করার কথা স্বীকার করেছেন। 

তিনি বলেন, কুশলা ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু চাল বিতরণে প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে আদায় করতে বলেছেন।

“সে কারণে আমরা চাল বিতরণের সময় ২০ টাকা করে আদায় করেছি। তবে ওজনে কম দেওয়ার বিষয়টি আমার জানা নেই।”

এ বিষয়ে কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, “চাল প্যাকেট করতে খরচ আছে। চাল প্যাকেট করতে ‘অবলম্বন’ নামের ব্যাগ ফ্যাক্টরি থেকে একটি ব্যাগ  ১৫ টাকা দিয়ে কিনতে হয়েছে। তাই ইউপি মেম্বরদের ২০ টাকা আদায় করতে বলেছি। এই টাকা মেম্বরদের কাছে থাকবে।

“আদায়ের সময় কেউ ১০ টাকা দিয়েছে, কেউ ২০ টাকা দিয়েছে; আবার কেউ দেয়নি। তাই এই চাল বিতরণে আমাদের পকেট থেকে অন্তত ১৫/২০ হাজার টাকা খরচ হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ার কুশলা ইউনিয়নে চাল বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হয়নি; চালও ওজনে কম দেওয়া হয়নি বলে তার দাবি।

এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বিষয়টি জানার পর সোমবার রাতে উপজেলা কৃষি অফিসার নিটুল রায়কে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

“দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”