লালমনিরহাটে সেচ পাম্পের পিলার চাপায় স্কুলছাত্রের মৃত্যু
নিহতের বাবা আব্দুল কাদের জিলানী অভিযোগ করেন, “বরেন্দ্র সেচপাম্পের পিলারটি দীর্ঘ দিন ধরে দুর্বল ছিল। পিলারের বিষয়ে জেনেও বরেন্দ্র কর্তৃপক্ষ তা সংস্কার করেনি।”
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাম্পের পুরনো গ্যাস পাইপের পিলার ভেঙে এক স্কুলছাত্র মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী।
নিহত আল আমিন (১৫) রইসবাগ এলাকার আব্দুল কাদের জিলানীর ছেলে এবং স্থানীয় রইসবাগ হরিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রইসবাগ এলাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি সেচ পাম্প গড়ে তুলেছে। যার দেখাশোনা করেন স্থানীয় রজনি সরকারের ছেলে পুষ্প চন্দ্র। ওই সেচের আওতায় অন্যদের মত বোরো চাষাবাদ করেছেন আল আমিনের বাবা আব্দুল কাদের জিলানীও।
মঙ্গলবার দুপুরে নিজেদের বোরো ক্ষেতে কাজ শেষে ওই সেচ পাম্পের পাশে পানি পান করতে যান আল আমিন। এ সময় পাম্পের পুরনো একটি গ্যাস পাইপের পিলার ভেঙে তার ওপরে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
পরে স্থানীয়রা পিলারে চাপা অবস্থায় তার মরদেহ দেখে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল কাদের জিলানী।
তিনি বলেন, “বরেন্দ্র সেচপাম্পের পিলারটি দীর্ঘ দিন ধরে দুর্বল ছিল। পিলারের বিষয়ে জেনেও বরেন্দ্র কর্তৃপক্ষ তা সংস্কার করেনি। তাদের ভুলেই আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।”
ওসি মাহমুদ-উন-নবী বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
