বেনাপোল দিয়ে এল ৩৪ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ
“এক বছর বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়নি; দেশে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ায় কৃষি মন্ত্রণালয় রোববার থেকে আমদানির অনুমতি দেয়।”
প্রায় এক বছর বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
রোববার বিকেলে পাঁচটি ট্রাকে ৩৪ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে বলে জানান স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল।
কোরবানির ঈদের আগে সারাদেশে হঠাৎ করেই বেড়ে যায় প্রতিদিনের রান্নায় ব্যবহৃত প্রয়োজনীয় এ অনুষঙ্গটির দাম। কোথাও কোথাও খুচরা বাজারে কেজিপ্রতি এক হাজার টাকাও বিক্রি হয়েছে বলে বিক্রেতারা দাবি করেছেন। এ অবস্থায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।
মেসার্স উষা ট্রেডিং, এনএস এন্টারপ্রাইজ ও এসএম করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছে।
বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল বলেন, “গত ২৫ জুন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করি। এরপর আমাদের আমদানির অনুমতি দেওয়া হয়।”
স্থানীয় বাজারেও কাঁচা মরিচের দাম বেশি জানিয়ে খুচরা ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, সকালে বিক্রি হয়েছে ৫০০-৬০০ টাকা কেজিতে। এখন যেহেতু আমদানি শুরু হয়েছে, দু-একদিনের মধ্যেই দাম কমবে বলে আশা করা যাচ্ছে।
বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, “এক বছর ধরে বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ। দেশের বাজারে অতিরিক্ত দাম বেড়ে যাওয়ায় কৃষি মন্ত্রণালয় রোববার থেকে আমদানির অনুমতি দিয়েছে।
“কাঁচা মরিচ পচনশীল হওয়ায় আমদানি করা এসব পণ্য যেন ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
বেনাপোল শুল্ক ভবনের উপ-কমিশনার তানভীর আহমেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিকেজি কাঁচা মরিচ শূন্য দশমিক ৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস দিচ্ছে। বাংলাদেশি টাকায় যার প্রতি কেজির মূল্য পড়ে ৩২ দশমিক ২০ টাকা। এর উপর মোট শুল্ক হার ৫৮ দশমিক ৬০ ভাগ। সরকারি শুল্ক দিয়ে প্রতি কেজির মূল্য দাঁড়াবে ৫২ টাকা।
কাঁচা মরিচ বন্দর থেকে দ্রুত খালাস করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
