ঝিনাইদহ সীমান্তে ২৭ সোনার বারসহ গ্রেপ্তার দুই
বিজিবি জানায়, জব্দ সোনার ওজন তিন কেজি; যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে তিন কেজি ১৩৯ গ্রাম ওজনের ২৭টি সোনার বারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারদের পাচারকারী বলছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকোশপোতায় তল্লাশি চৌকি বসিয়ে সোনাসহ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহের খালিশপুর বিজিবি ৫৮ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান।
গ্রেপ্তাররা হলেন- কালীগঞ্জ উপজেলা কাদিরকোলর রুহুল আমিন (৩২) ও সাইফুল ইসলাম (২৬)।
পারভেজ রানা জানান, ভারতে পাচারের জন্য একটি সোনার চালান সীমান্তের দিকে নিয়ে যাওয়া খবর পায় বিজিবি। পরে বাকোশপোতায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় সীমান্তের দিকে যেতে দেখে দুটি বাইকের গতিরোধ করে বিজিবির টহল দল।
বাইক আরোহীদের দেহ তল্লাশি করে একজনের কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো ২৭টি সোনার বার পাওয়া যায়।
জব্দ সোনার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার টাকা বলে জানান পারভেজ রানা।
মামলা দিয়ে গ্রেপ্তারদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
