২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ‘আরসার’ ৪ সদস্য আটক

বড় ধরনের নাশকতার পরিকল্পনায় তারা ক্যাম্পে অবস্থান নিয়েছিল বলে জানিয়েছে এপিবিএন।

উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ‘আরসার’ ৪ সদস্য আটক

উখিয়ার জমতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে চারজনকে আটক করে এপিবিএন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 01:29 PM

Updated : 23 Feb 2024, 01:29 PM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার চার সদস্যকে বেশ কিছু অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। 

বড় ধরনের নাশকতার পরিকল্পনায় তারা ক্যাম্পে অবস্থান নিয়েছিল বলে জানিয়েছে এপিবিএন। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ায় এপিবিএনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উখিয়ার জমতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার চার ‘শীর্ষ সন্ত্রাসী’কে গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন, মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ সময় উদ্ধার করা হয়েছে, পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, রাইফেলের ৩৬টি গুলি, শর্টগানের চারটি কার্তুজ, তিনটি হাতে তৈরি গ্রেনেড, তিনটি বড় পটকা, আটটি গুলির খোসা, একটি ওয়াকিটকি, দুইটি বড় ছোরা, একটি গুলতি এবং দুইটি লোহার শেকল। 

Image

অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ।

সংবাদ সম্মেলনে এপিবিএন অধিনায়ক জাফর বলেন, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল অস্ত্র গোলাবারুদসহ অবস্থান নেয়ার গোপন সংবাদে এ অভিযান চালানো হয়।

“এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা দৌড়ে পালানো শুরু করে। তাদের ধাওয়া করে চারজনকে আটক করা সম্ভব হলেও আনুমানিক ১০-১২ জন পালিয়ে যায়।” 

পরে আটকদের কাছ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো। 

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করে আটকদের হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন অধিনায়ক। 

পুরানো খবর

পুরনো খবর:

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ ‘আরসা’ সদস্য গ্রেপ্তার
রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে বিপুল অস্ত্রসহ ৩ আরসা সদস্য গ্রেপ্তার
আরসার বোমা তৈরির সরঞ্জাম মজুদ করা হত কক্সবাজারের আস্তানায়: র‌্যাব