২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শ্বশুরবাড়ির জমি নিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

পুলিশ জানায়, শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল।

টাঙ্গাইলে শ্বশুরবাড়ির জমি নিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক মিনজু মিয়া।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 04:37 PM

Updated : 09 Apr 2023, 04:37 PM

টাঙ্গাইলের দেলদুয়ারে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলায় ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামে এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানা ওসি নাছির উদ্দিন মৃধা জানান।

আটক ৪২ বছর বয়সী মিনজু মিয়া ওই গ্রামের মৃত আজগর মিয়ার ছেলে।

নিহত ৩৮ বছর বয়সী সুমিতা মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের সমেজ উদ্দিনের মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি নাছির উদ্দিন জানান, প্রায় দুই দশক আগে পারিবারিকভাবে সুমিতার সঙ্গে মিনজু মিয়ার বিয়ে হয়। এ দম্পত্তির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি মিনজুর শ্বশুরবাড়ির ওয়ারিশ সম্পত্তি এনে দেওয়ার জন্য তার স্ত্রীকে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।”

“এরই জের ধরে কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মিনজু। পরে সুমিতা মির্জাপুরে তার বোনের বাড়িতে আশ্রয় নেন।”

তিনি আরও বলেন, “শনিবার ভগ্নিপতি আমির হোসেনের মাধ্যমে মোবাইলে সুমিতাকে বাড়িতে আসতে বলেন মিনজু। পরে সুমিতা তার বোন ববিতা ও মা হালিমাকে সঙ্গে নিয়ে বাড়ি আসেন।”

“রাত ২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনজু ধারালো অস্ত্র দিয়ে সুমিতাকে এলোপাথারি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় হালিমা ও ববিতা বাঁধা দিলে তাদেরকেও জখম করে মিনজু।”

সুমিতার মা হালিমা বেগম বলেন, “মেয়েকে আমার সামনেই কুপিয়ে হত্যা করেছে মিনজু। তার চিৎকারে কেউ এগিয়ে এলো না। ওয়ারিশের সামান্য কিছু টাকার জন্য আমাদের তিনজনকেই হত্যা করতে চেয়েছিল মিনজু।”

এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে ওসি নাছির উদ্দিন মৃধা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।