২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পৌরসভা ও ইউপিতে ভোট চলছে

ভোটারদের উপস্থিতি বেশি বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 03:33 PM

Updated : 29 Dec 2022, 03:33 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক পৌরসভা ও দুই ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।

উপজেলার বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদে সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আনোয়ারুল হক বলেন, “অবাধ ও সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও বেশি।

“কোথাও কোনো অপ্রতিকর ও বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, র‌্যাব, গ্রাম পুলিশের সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।”

জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বনপাড়া পৌরসভায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী কে এম জাকির হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৬ দশমিক ৯২ বর্গমাইল আয়তন বিশিষ্ট বনপাড়া পৌরসভার ১২ কেন্দ্রে ভোট চলছে। এ পৌরসভায় ২৩ হাজার ৫৭৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১হাজার ৪৪৬জন এবং নারী ভোটার সংখ্যা ১২ হাজার ১২৯ জন।

জোয়ারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়ন পরিষদে মোট ভোটার ৩১ হাজার ৯৩ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৩টি।

মাঝগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৭৭২ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১২টি।