গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ১৩৭ বছরপূর্তি
১৮৮৫ সালে গাইবান্ধা প্রধান ডাকঘরের দক্ষিণ দিকে ছোট্ট একটি বাড়িতে শুরু হয়েছিল স্কুলটির কার্যক্রম।
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে উদযাপিত হলো প্রতিষ্ঠার ১৩৭ বছরপূর্তি।
শনিবার দিনভর শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
সকালে একটি শোভাযাত্রা স্কুলের মাঠ থেকে বের হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার স্কুল মাঠে এসে শেষ হয়। ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদ, জাহিদুল হক, রায়হানুল হক, আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল কবির, রেজাউল করিম, মনিন্দ্রনাথ, জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মধ্যে বুলু, হিল্লোল কবির, শফিউল ইসলাম, এনায়েত হোসেন, আতিক বাবু, নাহিদ, রব্বানী, রাগীব, হাসিব, হযরত আলী, পুলক আহম্মেদ, ডা. মঞ্জুরুল হাসান সৌরভ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবেক শিক্ষার্থী মো. সানাউল রাব্বী পাভেল। আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটিও উপভোগ করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
১৮৮৫ সালে গাইবান্ধা প্রধান ডাকঘরের দক্ষিণ দিকে ছোট্ট একটি বাড়িতে শুরু হয় স্কুলটির কার্যক্রম। স্কুল প্রতিষ্ঠার জন্য এই বাড়িসহ ৬ একর ৬৮ শতাংশ জমি দান করেন বামনডাঙ্গার তৎকালীন জমিদার শরৎ চন্দ্র রায় চৌধুরী।
পরে সে সময়কার রংপুর জেলা প্রশাসক জেএন দাস গুপ্ত এবং গাইবান্ধা মহকুমা প্রশাসক জেসি দত্তের পরিশ্রম, জনগণের চাঁদা ও দানের অর্থে তৈরি বিদ্যালয় ভবন। ১৯৬৮ সালে ১ মে স্কুলটির সরকারিকরণ হয়।
