সিলেটে নারী হত্যার অভিযোগে এক তরুণ গ্রেপ্তার
বাকবিতণ্ডার এক পর্যায়ে আয়েশাকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান ছিদ্দিকুর।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান।
নিহত আয়শা সিদ্দিকা (৩০) ওই উপজেলার প্রতাপপুর গ্রামে মো. আবু হাসানের স্ত্রী।
গ্রেপ্তার তরুণ ছিদ্দিকুর রহমান (২২)। তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নজরুল ইসলাম বলেন, আয়শা তার স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করে আসছিলেন। কয়েকদিন আগে তিনি উত্তর প্রতাপপুর এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আয়েশা বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছিদ্দিকুর রহমান সেখানে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে ছিদ্দিকুর ধারালো দা দিয়ে আয়শাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আয়শাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এরপর আয়শার বাবা ইয়াসিন আলী বাদী হয়ে ছিদ্দিকুরকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
ওসি আরও বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃতে একটি দা জব্দসহ ছিদ্দিকুরকে গ্রেপ্তার করে পুলিশ।
“আয়শার নামে মানবপাচার আইনে একটি মামলা রয়েছে। তবে কি কারণে ছিদ্দিকুরের সঙ্গে আয়েশার বাকবিতণ্ডা হয় তা এখনও জানা যায়নি।”
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
