প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী দেখা করতেই পারেন: কৃষিমন্ত্রী
২৩ ডিসেম্বর কাদের সিদ্দিকী স্ত্রী ও দুই মেয়েসহ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ জন্য আমরা টাঙ্গাইলের মানুষ তাকে নিয়ে গর্ব, অহংকার করি।”
রাজনীতিতে নানা ভুলভ্রান্তি হতেই পারে, চিন্তা চেতনার কিছুটা দ্বিধাবিভক্তি আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, “কাজেই একজন রাজনৈতিক নেতা হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করতেই পারেন। দেখা করার অর্থ এ রকম নয় যে তিনি কালই আওয়ামী লীগে চলে আসবেন। এটা রাজনৈতিক কৌশল। আপনাদেরকে অপেক্ষা করতে হবে। রাজনৈতিক নীতির আলোকেই জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। এটা নিয়ে এত ভাবনার কারণ আছে বলে আমি মনে করি না।”
গত শুক্রবার [২৩ ডিসেম্বর] কাদের সিদ্দিকী পরিবারের সদস্যদের নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন এবং পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে তার সহধর্মিনী বেগম নাসরিন এবং তাদের দুই মেয়ে উপস্থিত ছিলেন।
বিকালে বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মাঠে বাসাইল-সখিপুরের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি) জোয়াহের পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষিমন্ত্রী আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াতের মতো রাজাকার আলবদরদের নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা বলেছিল গত ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করবে। এতে তারা ব্যর্থ হয়ে ৩০ তারিখে গণমিছিল করবে। এতেও তারা ব্যর্থ হবে।
প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া জেলখানায় না থেকে নিজ বাড়িতে রয়েছেন উল্লেখ করে রাজ্জাক বলেন, তিনি অতীতেও বারবার বাড়িঘরে, দোকানপাটে আগুন দিয়ে জীবন্ত মানুষ পোড়ানোর মতো বীভৎস কাজ করেছেন। হরতাল অবরোধের নামে কী নরপৈশাচিক কর্মকাণ্ড তারা করেছে। আবার তারা সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে চায়।
“এমন পৈশাচিক ঘটনা এই বাংলাদেশে আমরা তাদেরকে আর ঘটাতে দেব না। রাজনৈতিকভাবে আমরা এর মোকাবেলা করব। আন্দোলন করে শেখ হাসিনার এই বৈধ নির্বাচিত সরকারকে পতন ঘটাতে পারবে না। নির্বাচনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের বাসাইল উপজেলা সভাপতি মতিয়ার রহমান গাউসের সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল বক্তব্য রাখেন।
বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী এক সময় আওয়ামী লীগে ছিলেন। ১৯৯৬ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্যও নির্বাচিত হন বঙ্গবীর উপাধি পাওয়া এই মুক্তিযোদ্ধা।
বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া এ রাজনীতিবিদ দুই দশক আগে আওয়ামী লীগ ছেড়ে নতুন দল কৃষক, শ্রমিক, জনতা লীগ গঠন করেন।
