সম্পদে সাজেদাপুত্র শাহদাবের চেয়ে এগিয়ে স্ত্রী
তার নিজের নামে সোনা-দানা না থাকলেও স্ত্রীর নামে দেখিয়েছেন ৮০ হাজার টাকার সোনার গহনা।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর।
তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে।
তার বার্ষিক আয়, স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ কেমন, ২০২২ সালের ৬ অক্টোবরের উপ-নির্বাচন ও আসন্ন দ্বাদশ সংসদের জন্য দাখিলকৃত হলফনামা থেকে জানা গেছে সেসব তথ্য।
দুটি হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, শাহদাব আকবরের তেমন না বাড়লেও স্ত্রীর সম্পদ বেড়েছে।
এবার দাখিল করা হলফনামায় শাহদাব কৃষিখাতে কোনো আয় দেখাননি। তবে শেয়ার বাজার, সঞ্চয়/ব্যাংক আমানত ১ লাখ ৩২ হাজার ১০১ টাকা দেখিয়েছেন।
সংসদ সদস্য হিসেবে তার বেতন-ভাতা ১২ লাখ ৬২ হাজার ২ টাকা, প্রাইভেট কোম্পানি থেকে পারিতোষিক আয় হয় ২০ লাখ টাকা।
অস্থাবর সম্পদের বিবরণতে তিনি জানিয়েছেন, নগদ টাকা ২৯ লাখ ১২ হাজার ১৯৯ টাকা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১৫ লাখ ৫ হাজার ৭৪৮ টাকা; স্ত্রীর নামে জমা ৯ লাখ ২৩ হাজার ৯৭৫ টাকা।
বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার দেখিয়েছেন ২২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকার।
পোস্টাল, সেভিংস, সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৯১ হাজার, ১৫৪ টাকা; স্ত্রীর নামে ৫১ হাজার ২০০ টাকা।
নিজের ব্যবহৃত গাড়িটির মূল্য দেখিয়েছেন ৪৩ লাখ ৮৭ হাজার ৭২২ টাকা।
নিজের নামে সোনা-দানা না থাকলেও স্ত্রীর রয়েছে ৮০ হাজার টাকার সোনার গহনা।
শাহদাবের নিজের ৬ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী আছে। স্ত্রীর আসবাবপত্র আছে ৫০ হাজার টাকার।
স্থাবর সম্পদের বিবরণীতে কোনো কৃষি জমি দেখাননি তিনি। তবে ৪ লাখ ২৯ হাজার টাকা মূল্যের আছে অকৃষি জমি। একই প্রকৃতির জমি স্ত্রীর নামে আছে ৬১ লাখ ৬০ হাজার টাকার।
নিজের নামে না দেখালেও স্ত্রীর নামে ৬৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ফ্ল্যাট দেখিয়েছেন শাহদাব আকবর।
হলফনামার দায়-দেনার বিবরণীতে তিনি ব্যক্তিগত ও ব্যবসাখাতে ৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ১ টাকা দেখিয়েছেন।
এ ছাড়া শাহদাব আকবর চারটি প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের ৭৫ শতাংশ অর্জিত হওয়ার ঘোষণা দিয়েছেন।
মা প্রয়াত সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
ওই নির্বাচনের জন্য দাখিল করা হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, শুধু ব্যবসা থেকে তার বার্ষিক আয় হয় ৩ লাখ ৬ হাজার ৭৭১ টাকা।
অস্থাবর সম্পদ হিসেবে নিজ নামে নগদ টাকা দেখান ৩৪ লাখ ৪৩ হাজার ১৯ টাকা; স্ত্রীর নামে দেখিয়েছিলেন ১০ লাখ ৬৮ হাজার ৪৫৪ টাকা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল ১ লাখ ১৯ হাজার ১৮০ টাকা; স্ত্রীর নামে ছিল ১৭ লাখ ৬৬ হাজার ৩০৭ টাকা।
নিজের নামে না দেখালেও স্ত্রীর নামে সেভিংস ও সঞ্চয়পত্রে ৫১ হাজার ২০০ টাকা এবং ৮০ হাজার টাকার সোনা ও ৫০ হাজার টাকার আসবাবপত্রের হিসাব দেন।
গেল বছরের উপনির্বাচনের হলফনামায় স্থাবর সম্পদের বিবরণীতে নিজ নামে কিছু না দেখালেও স্ত্রীর নামে ৬৭ লাখ ২০ হাজার টাকার ফ্ল্যাটের কথা উল্লেখ করেন তিনি।
আর দায়-দেনার বিবরণীতে ব্যক্তিগত ও ব্যবসাখাতে ৬ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৭৬২ টাকা দেখান সাজেদাপুত্র শাহদাব।
