০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বরিশালে ফরচুন ফুটওয়্যারের কারখানায় অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস বলেছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে

বরিশালে ফরচুন ফুটওয়্যারের কারখানায় অগ্নিকাণ্ড

বরিশালের বিসিক শিল্প নগরীতে শনিবার বিকালে রপ্তানিকারক প্রতিষ্ঠান ফরচুন ফুটওয়্যার লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 09:06 PM

Updated : 20 Aug 2022, 09:06 PM

বরিশালের রপ্তানিকারক প্রতিষ্ঠান ফরচুন ফুটওয়্যার লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে ১ নম্বর কারখানার দ্বিতীয় তলার স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশালের উপপরিচালক মিজানুর রহমান জানান।

ওই কারখানার মার্কেটিং বিভাগে কর্মরত মো. হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় আমি কারখানার ১ নম্বর ভবনের অফিস কক্ষে ছিলাম। কারখানার দ্বিতীয় তলার ফিনিসিং স্টোর রুমে অগ্নিকাণ্ড হয়েছে। কী করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানি না। আমরা দ্রুত নিচে নেমে এসেছি।”

Image

বরিশালের বিসিক শিল্প নগরীতে শনিবার বিকালে রপ্তানিকারক প্রতিষ্ঠান ফরচুন ফুটওয়্যার লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ফরচুন ফুটওয়্যার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিএমডি) নুরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সাপ্তাহিক ছুটির দিন। কিন্তু শিপমেন্ট থাকায় ৬০ জন শ্রমিক নিয়ে কাজ চলছিল। দুপুরে সবাই খাবার খেতে বাসায় যায়। কারখানার ফিনিসিং কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।”

“অগ্নিকাণ্ডে একটি বায়ারের দ্বিতীয় তলার স্টোর রুম ও তৃতীয় তলার পরিদর্শন কক্ষ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো শ্রমিক আহত বা নিহত হননি।”

বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হলেও সেগুলোর ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করে নুরে আলম বলেন, প্রতিষ্ঠানের মালামাল রপ্তানি করা হয়। সামান্য ত্রুটি হলেও সেগুলো পাঠানো সম্ভব নয়। মালামাল সরানো হয়েছে আগুন যেন বেশি ছড়িয়ে না যায় সেই কারণে।

Image

বরিশালের বিসিক শিল্প নগরীতে শনিবার বিকালে রপ্তানিকারক প্রতিষ্ঠান ফরচুন ফুটওয়্যার লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ডিএমডি আরও বলেন, সামান্য পানি লাগলে জুতায় ফাংগাস পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাশের স্টোর রুমে রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ জুতা পানিতে ভিজে গেছে। এসব জুতা আর রপ্তানি করা সম্ভব হবে না বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশালের উপ-পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ৩টায় এসে কাজ শুরু করেন। ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয় বলে তিনি বলেন।