রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ৫০
বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন; এ সময় পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোড়ে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপির কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে থানার এক ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সোনালী ব্যাংক মোড়ে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও দলের নেতাকর্মীরা জানিয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, আহতদের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু ও সাধারণ সম্পাদক আখিরুজ্জামান শিরন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিজু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া দৈনিক সংবাদ প্রতিনিধি সুজন আহমেদ, মানবজমিন প্রতিনিধি আব্দুল বারী স্বপনসহ চার সাংবাদিকও আহত হয়েছেন।
আহতদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় স্থানীয় বিএনপি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টা থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা।
বিকাল ৫টার দিকে বিএনপি নেতাকর্মীরা পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন; এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের লাঠিপেটা করে।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানার ওসিসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও লাঠিচার্জ করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে; গঙ্গাচড়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি মাবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার ওসির সঙ্গে কথা হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। কিন্তু সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত হামলা করেছে। আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।”
যুবদল নেতা রাশেদকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
