আবার শেখ হাসিনাই দেশকে নেতৃত্ব দেবেন: কৃষিমন্ত্রী
অবৈধভাবে ধন-সম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানান মন্ত্রী।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। তাই আগামী দিনেও শেখ হাসিনাই দেশের নেতৃত্ব দেবেন।”
শনিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতনও হবে না। বর্তমান সরকারই কন্টিনিউ করবে।”
তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে নেই। আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের সম্পৃক্ততা নেই বলে বিএনপির আন্দোলন আগের মতো এবারও কোনো কাজে আসবে না।”
মন্ত্রী বলেন, “সামনে রোজার মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না।”
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবনমানের উন্নয়নের জন্য দেশকে আরও উন্নত করতে হবে।”
অবৈধভাবে ধন-সম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।”
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি গোলাম সামদানি, প্রাক্তন শিক্ষার্থী ও স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. সানোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম বাচ্চু, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন বক্তব্য দেন।
পুনর্মিলনীতে ৭৫ বছরের পুরনো বিদ্যালয়টির দুই হাজারেরও বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী অংশ নেন।
