১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভোলায় লঞ্চ থেকে জব্দ করা ৯ হাজার কেজি মাছ গেল এতিমখানায়

জব্দ করা মাছের মধ্যে রয়েছে পোয়া, তফসে, কাঁকড়া ও দেশীয় পুঁটি।

ভোলায় লঞ্চ থেকে জব্দ করা ৯ হাজার কেজি মাছ গেল এতিমখানায়

জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 12:34 PM

Updated : 14 Apr 2023, 12:49 PM

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে লঞ্চ থেকে নয় হাজার কেজি মাছ জব্দ করার পর সেগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে এসব মাছ জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা মেরিন অফিসার মো. রবিউল ইসলাম।

জব্দ করা মাছের মধ্যে রয়েছে পোয়া, তফসে, কাঁকড়া ও দেশীয় পুঁটি। তবে এসব মাছের মধ্যে কোনো ইলিশ মাছ নেই।

ইলিশের অভয়াশ্রমের কারণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা, তেঁতুলিয়াসহ সব নদীতে মাছ ধরা ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

মেরিন অফিসার রবিউল জানান, নিষেধাজ্ঞার পরও মাছ পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাসরিফ-১ লঞ্চে অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযান চালিয়ে নয় হাজার কেজি অবৈধ মাছ জব্দ করা হয়। তবে তাদের উপস্থিতি টের পেয়ে মাছের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।

এ সময় মাছ পরিবহনে লঞ্চ মালিকদের সর্তক করা হয়েছে।

পরে শুক্রবার সকালে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন মেরিন অফিসার রবিউল।