খাবারের সন্ধানে কুড়িগ্রামের লোকালয়ে বানর
বানরগুলো দলছুট হয়ে ভারত থেকে ভুরুঙ্গামারীর সীমান্ত দিয়ে এখানে এসেছে বলে ধারণা বনবিভাগের কর্মকর্তাদের।
খাবারের সন্ধানে লোকালয়ে এসে কুড়িগ্রামের পৌরশহরের এদিক সেদিক ছুটোছুটি করছে দুটি বানর।
মঙ্গলবার সকালে শহরের থানা পাড়া এলাকায় দেখা গেছে প্রাণী দুটিকে নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে কৌতুহলের।বানরগুলো বিভিন্ন বাড়ির ছাদে উঠলে লোকজন তাদের খাবারও দিচ্ছে। আবার অনেকের মাঝে ভীতিও বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি মোড়, পুরাতন থানা পাড়া, সাদ্দির মোড়, কালীবাড়ি সংলগ্ন এলাকার বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য বানর দুটি ঘুরে বেড়াচ্ছে।
পুরাতন থানা পাড়ার বাসিন্দা বিপ্লব বলেন, “সকাল ৮টার দিক আমার বাড়ির সামনে বানরগুলোকে দেখতে পাই, এসময় আমরা কলা, আপেল, বাদাম এসব খাবার দিয়েছি। চালের উপর থেকে খাবারগুলো নিয়ে তারা খেয়েছে।”
আরেক বাসিন্দা অর্পণা সরকার বলেন, “দুইদিন ধরে বানরগুলি দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। খাবার না পেয়ে হয়তো বনের থেকে চলে এসেছে।”
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, হয়তো বানরগুলো দলছুট হয়ে ভারত থেকে ভুরুঙ্গামারীর সীমান্ত দিয়ে এখানে চলে এসেছে।
“মাঝে মাঝেই তারা এরকম খাবারের সন্ধানে লোকালয়ে আসে। তবে তাদের খাবার কিংবা ঢিল দিয়ে বিরক্ত করা যাবে না। তারা এমনিতেই আবার বনে চলে যাবে।”
এরপরও বানরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই বন কর্মকর্তা।
