২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপির মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ’, পরে ভোটকেন্দ্রের পাশ থেকে উদ্ধার আরও দশ

নির্বাচন ‘বানচাল’ করতে বোমাগুলো রাখা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 03:01 PM

Updated : 06 Jan 2024, 03:06 PM

রাজশাহীর একটি ভোটকেন্দ্রের পাশ থেকে দশটি হাতবোমা উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে শুক্রবার রাত ১টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রহুল আমিন জানান।

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে হাত বোমাগুলোর বিস্ফোরণ ঘটায়।

অতিরিক্ত উপকমিশনার বলেন, “জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুল অতিক্রম করার সময় পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মো. সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে।”

“পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি বালতিতে থাকা দশটি হাতবোমা উদ্ধার করে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।”

রহুল বলেন, “৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপির মশাল মিছিলের সময় বোমাগুলো সেখানে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।”