খাগড়াছড়ির জেএসএস নেতা উদয় কিরণ ত্রিপুরা মারা গেছেন
উদয় কিরণ ত্রিপুরা জেএসএস-এমএন লারমার সঙ্গে যুক্ত ছিলেন।
জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উদয় কিরণ ত্রিপুরা (অজিত) আর নেই।
বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
খাগড়াছড়ি জেলার এই নেতার বয়স হয়েছিল ৭১ বছর।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
উদয় কিরণ ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেএসএস-এমএন লারমা।
এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা বলেন, “উদয় কিরণ ত্রিপুরার প্রয়াণে আমরা একনিষ্ঠ, আদর্শবান ও নিঃস্বার্থ এক সংগ্রামী অভিভাবককে হারালাম।”
শোকবার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
