২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যারা বলেন বাংলাদেশে গণতন্ত্র নেই, তাদের দেশে কতখানি’

কোন দেশ কী বলল, সেটি আমাদের জন্য মুখ্য বিষয় নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

‘যারা বলেন বাংলাদেশে গণতন্ত্র নেই, তাদের দেশে কতখানি’

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশ শুরুর আগে সাংবাদিকের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 08:35 PM

Updated : 07 Mar 2024, 08:35 PM

বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নেই যারা বলেন, তাদের দেশে কতখানি আছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যারা পারবেন তারাই নির্বাচন করবেন।”

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশ শুরুর আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আমাদের একটি সংবিধান রয়েছে। প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করেন, জনগণকে আরও কীভাবে সম্পৃক্ত করবেন, দেশকে কীভাবে এগিয়ে নেবেন তার চিন্তা করেন।

“কাজেই কোন দেশ কী বলল, সেটি আমাদের জন্য মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হল আমাদের জনগণকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারব, গণতন্ত্রের চর্চাটা আরও কীভাবে সুন্দর করব।”

পরে জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে যোগ দেন সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু বক্তব্য দেন।

সমাবেশে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।