গাইবান্ধার ছাত্রনেতা ময়নুল আখতার রুবেল হত্যা দিবস পালন
১৯৮৬ সালের ১১ নভেম্বর সন্ত্রাসীদের হামলায় নিহত হন রুবেল।
গাইবান্ধার শহীদ ছাত্রনেতা ময়নুল আখতার রুবেল হত্যা দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
দিবসটি উপলক্ষে পৌর শহরের ১ নম্বর রেলগেইট সংলগ্ন জেলা কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি ছিল। এ সময় বিদেহীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা সংসদের সভাপতি তাহমীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে জেলা সংসদের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
ছাত্র ইউনিয়নের ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, শহীদ রুবেল জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৮৬ সালের ১১ নভেম্বর উপজেলা সম্মেলনে হামলায় নিহত হন রুবেল।
“সম্মেলনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ নভেম্বর মৃত্যু হয় রুবেলের।”
হত্যাকাণ্ডের ৩৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
তখন থেকে ছাত্র ইউনিয়ন দিনটিকে ‘শহীদ রুবেল হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বলে জানান শিমুল।
রুবেলের জন্ম বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামে। তার বাবা গোলাম মোস্তফা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
রুবেলের অমর স্মৃতি স্মরণে 'শহীদ রুবেল পাঠাগার' উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।
