হবিগঞ্জে সিরামিক ফ্যাক্টরিতে আগুন, ‘অর্ধকোটি টাকার’ ক্ষয়ক্ষতি
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক সিরামিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্টার সিরামিক ফ্যাক্টরির কেমিক্যাল গোডাউনের মোল্ডিং ডিজাইন সেকশনে আগুন ধরে বলে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান।
স্টার সিরামিকসের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনচার্জ মনিরুজ্জামান বলেন, যেখানে আগুন লেগেছে সেটি মূলত কেমিক্যাল গোডাউন। এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না।
“ঢাকা থেকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ক্ষয়ক্ষতি নির্ধারণ করবেন। তবে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক বলেন, খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং এতে ফ্যাক্টরির প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
