২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে শাসন করায় ক্লাসে ঢুকে শিক্ষককে জুতাপেটার অভিযোগ

‘নির্যাতনের শিকার’ সহকারী শিক্ষক কাশিয়ানীর ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দিয়েছেন। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 11:58 PM

Updated : 01 Nov 2023, 12:12 AM

ছাত্রকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক প্রাথমিক শিক্ষককে ক্লাসে ঢুকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে অভিভাবকের বিরুদ্ধে। 

সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ চরভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সেটি জানাজানি হয়। 

এ ব্যাপারে ‘নির্যাতনের শিকার’ ওই সহকারী শিক্ষক (২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দিয়েছেন।  

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ১১ অক্টোবর তৃতীয় শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রের ঝগড়া হয়। তখন ছাত্রীকে অন্য দুজন মারধর করে। সেই ছাত্রী বিষয়টি সহকারী শিক্ষককে এসে জানায়। তখন শিক্ষক ছাত্রকে ডেকে শাসন করেন। 

তখন ছাত্রের মা তানিয়া বেগম স্কুলে এসে শিক্ষককে শাসিয়ে যান। তারপর স্কুল দুর্গা পূজায় বন্ধ হয়ে যায়। সোমবার দুপুরে তানিয়া বেগম ও তার ভাই ফয়সাল খান ক্লাসে এসে শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ করেন সহকর্মীরা। 

ভুক্তভোগী শিক্ষক বলেন, “এক ছাত্রীকে মারধর করায় আমি ছাত্রকে শাসন করি। পরে তার মা ও ভাই স্কুলে এসে আমাকে ও অন্যান্য শিক্ষককে শাসিয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আমি ও আমার প্রধান শিক্ষক ওই ছাত্রের অভিভাবকদের কাছে ক্ষমা চাই। এরই জের ধরে সোমবারের ঘটনা ঘটেছে। 

“শ্রেণিকক্ষে ঢুকে তানিয়া বেগম পায়ের জুতা খুলে আমাকে পেটায় এবং তার ভাই ফয়সাল খান এসে অতর্কিতভাবে আমাকে কিলঘুষি দেয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন ভয়ে শিশুরা বিদ্যালয় ছেড়ে পালিয়ে যায়। অনেক শিক্ষার্থী বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের ডেকে নিয়ে আসে। 

সহকারী শিক্ষক বলেন, “বিষয়টি আমি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে ইউএনও স্যারকে মৌখিকভাবে বিষয়টি জানাই এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছি।”  

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অরুণ ভট্টাচার্য বলেন, “আগের ঘটনার জের ধরে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি আমি অবগত ছিলাম না। তবে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার পক্ষ থেকে শিক্ষকদের সব ধরনের সহযোগিতা থাকবে।” 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তরা হালদার বলেন, “শিক্ষক ছাত্রকে শাসন করেছিলেন। আর এ ঘটনায় ছাত্রের অভিভাবক বিদ্যালয়ে এসে শিক্ষককে মারধর করেছেন। ছাত্রকে শাসন করতে গিয়ে মার খেতে হল শিক্ষককে। এটা খুবই দুঃখজনক। আমরা শিক্ষকরা এর সুষ্ঠু বিচার চাই। পরবর্তীতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে।”  

তবে শিক্ষককে পেটানোর কথা অস্বীকার করেছেন অভিভাবক তানিয়া বেগম। তিনি বলেন, “ওই শিক্ষক আমার ছেলেকে স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। ২০০ বার কান ধরে উঠবস করতে বলেন। ৫১ বার করার পর আমার ছেলে ফ্লোরে পড়ে গেলে তুলে পুনরায় মারধর করেন শিক্ষক। 

“পরে খবর পেয়ে আমরা স্কুলে যাই। আহত অবস্থায় আমার ছেলেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেই। অবস্থার উন্নতি না হলে পরে কাশিয়ানী হাসপাতালে নিয়ে ভর্তি করি। এখনও ঘুমের মধ্যে ভয়ে আঁতকে উঠে আমার ছেলে। আমি ওই শিক্ষকের বিচার চাই।”  

লিখিত অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে। তিনি সমঝোতা ও উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন। শিক্ষকদের শান্ত থাকতে বলা হয়েছে।”