বেনাপোলে ভারতীয় ট্রাকে মিলল চালকের সহকারীর মরদেহ
যানটির চালক বলেন, সন্ধ্যার দিকে বেশি অসুস্থ বোধ করলে একটি দোকান থেকে ওষুধ কিনে খেয়ে ট্রাকের ক্যাবিনে ঘুমিয়ে পড়েন তার সহকারী।
বেনাপোল বন্দরে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক থেকে এর চালকের সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বন্দরের ২৫ নম্বর শেডে অবস্থান করা ট্রাকটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান।
নিহত রাজ করণ সিং (৩২) ভারতের উত্তর প্রদেশের কৌশ্বামী থানাধীন বিধানপুর এলাকার চন্দ্রলাল সিংহের ছেলে বলে জানান ট্রাকের চালক শিব নরেশ যাদব।
শিব নরেশ বলেন, “বুধবার বেলা ১১টার দিকে যখন বাংলাদেশে প্রবেশ করি, তখন আমার ট্রাকের খালাসি (সহকারী) রাজ করণ অসুস্থ ছিলেন। সন্ধ্যার দিকে আরও অসুস্থ বোধ করলে চেক পোস্টের একটি দোকান থেকে ওষুধ কিনে তা খেয়ে ট্রাকের ক্যাবিনে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।”
চালকের বরাতে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, ওষুধ নিয়ে ভারতীয় একটি ট্রাক (যার নম্বর এনএল-০১, এবি ১৩৬২) বেনাপোল বন্দরে আসে। ট্রাকের চালক শিব নরেশ যাদব ও তার সহকারী রাজ করণ সিং। তাদের গাড়িটি বন্দরের ২৫ নম্বর শেডে পণ্য আনলোড করার জন্য অবস্থান করছিল। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই ট্রাকে রাজ করণকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, বন্দরের দায়িত্বরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
