২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট মার্টিনে এখনও আটকা পর্যটকরা, নিত্যপণ্যে টান

সেন্ট মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জানান, চার দিন ধরে সেন্ট মার্টিনের সার্ভিস ট্রলার চলাচল বন্ধ। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ রয়েছে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 05:37 PM

Updated : 06 Oct 2023, 05:37 PM

বৈরী আবহাওয়ার কারণে গত চার দিন ধরে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা এখনও আটকা পড়ে আছেন। নৌযান চলাচল করতে না পারায় টেকনাফ থেকে খাদ্যসামগ্রী সরবরাহ কম হওয়া দ্বীপটিতে নিত্যপণ্যে টান পড়েছে।

সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত মঙ্গলবার থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর; যা শুক্রবারও বলবৎ আছে বলে জানান বিআইডব্লিউটিএ টেকনাফের ট্র্যাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভুঁইয়া। 

একদিকে দ্বীপটিতে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকরা পড়েছেন। অন্যদিকে কয়েকদিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফ থেকে খাদ্যসামগ্রী সরবরাহ কম হওয়া সেন্ট মার্টিনে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল জানান, চার দিন ধরে সেন্ট মার্টিনের সার্ভিস ট্রলার চলাচল বন্ধ ছিল। সাগর উত্তাল থাকায় মাছ ধরাও বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় সাড়ে ১০ হাজার বাসিন্দা, দ্বীপে থাকা হোটেল-রিসোর্টগুলোর কর্মচারীসহ দ্বীপে প্রায় ১২ হাজারের মতো লোক রয়েছেন। পাঁচ দিন ধরে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ থাকায় টেকনাফ থেকে কোনো ধরনের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা সম্ভব হয়নি। ফলে দ্বীপে নিত্যপণ্য সংকট দেখা দিয়েছে।

তবে শুক্রবার সকাল থেকে রোদ ওঠে, আবহাওয়া ভালো বলে জানান তিনি। 

সালামত উল্লাহ নামে দ্বীপের এক হোটেল ব্যবসায়ী বলেন, “টেকনাফ থেকে যাবতীয় খাদ্য সরবরাহ কম হওয়া দ্বীপে ডিম, তরিতরকারি ও ফার্মের মুরগির দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে।

তার দাবি, বর্তমানে এক কেজি আলু ৮০ টাকায়, মুরগী ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও গত বৃহস্পতিবার থেকে দুই-তিনটি ট্রলারে করে কিছু খাদ্যপণ্য টেকনাফ থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানান এ হোটেল ব্যবসায়ী।

সেন্ট মার্টিনে বেড়াতে আসা আলমগীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, “আনন্দ উপভোগ করতে আসলাম সেন্ট মার্টিনে। তবে সতর্ক সংকেতের কারণে মনটা খারাপ হয়ে গেল।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

তবে দ্বীপে আটকা পড়া পর্যটকদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া ভালো হলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “গত বৃহস্পতিবার বিকালের দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী সব ট্রলার চলাচল করতে পারবে। ট্রলার মাঝিমাল্লা ও সহযোগীসহ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে সংকেত জারি থাকা অবস্থায় কোনো ধরনের পর্যটক পরিবহণ করা যাবে না।

জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগী ও তার সঙ্গে সর্বোচ্চ দুজন কর্তৃপক্ষকে জানিয়ে চলাচল করতে পারবেন জানিয়ে এ নির্বাহী কর্মকর্তা বলেন, তবে কোনো স্পিডবোট সতর্কসংকেত চলাকালীন চলাচল করতে পারবে না।

উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়ে অন্যান্য পণ্য পরিবহণ করা যাবে।