২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে নিহত রাকিব ও সাইফুল, একজনের মরদেহ আরেকজনের বাড়িতে

পিরোজপুরের রাকিবের লাশ চলে গেছে কুমিল্লায় সাইফুল ইসলামের বাড়ি; আর সাইফুলের মরদেহ গেছে পিরোজপুরে রাকিবের বাড়িতে।

ওমানে নিহত রাকিব ও সাইফুল, একজনের মরদেহ আরেকজনের বাড়িতে

রাকিবুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 09:19 PM

Updated : 19 Apr 2023, 09:19 PM

মরদেহের বাক্সের গায়ে নামের ভুলে ওমানে দুর্ঘটনায় নিহত পিরোজপুরে রাকিবুল হাসান ও কুমিল্লার সাইফুল ইসলামের মরদেহ একজনেরটি অন্যজনের বাড়ি চলে গেছে। 

ঢাকা বিমানবন্দর থেকে বুধবার সকালে রাকিবুল হাসানের বাড়িতে মৃতদেহ বহনকারী গাড়ি পৌঁছায়। কিন্তু মরদেহের মুখ দেখতে গিয়ে ভুলটি ধরা পড়ে। 

পরে বোঝা যায় পিরোজপুরের রাকিবের লাশ চলে গেছে কুমিল্লায় সাইফুল ইসলামের বাড়ি। আর সাইফুলের মরদেহ গেছে পিরোজপুরে রাকিবের বাড়ি। 

গত ৬ এপ্রিল ওমানে ট্রাক দুর্ঘটনায় রাকিবুল হাসান ও সাইফুল ইসলাম নিহত হন। 

রাকিবুল হাসান (৩০) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে। 

Image

পিরোজপুরে জানাজা শেষে রাকিবুল ইসলামের মরদেহ দাফন করা হয়।

আব্দুল মালেক জানান, প্রায় এক বছর আগে রাকিবুল হাসান ওমান যান। গত ৬ এপ্রিল ওমানে ট্রাক দুর্ঘটনায় রাকিবুল হাসান নিহত হন। এ দুর্ঘটনায় রাকিবুলের সঙ্গে কুমিল্লার সাইফুল ইসলামও মারা যান। একই সময়ে একই বিমানে এ দুজনের লাশ দেশে আসে। 

“বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরের সময় রাকিবের লাশ সাইফুলের পরিবারে এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে যায়।” 

তিনি জানান, পরে কুমিল্লায় সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে আনা হয় এবং পিরোজপুর থেকে সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠানো হয়। 

বুধবার বিকালে রাকিবের মরদেহ পিরোজপুরে আসার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে তিনি জানান। 

পিরোজপুর সদর থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ পরিবর্তনের ব্যপারে তাৎক্ষণিক কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠানো হয়েছে।