নরসিংদীতে রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ ধরে গড়ে ওঠা স্থাপনাও গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নরসিংদী সদর উপজেলায় রেলওয়ের জায়গায় গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।
সোমবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান রেলওয়ে বিভাগের ঢাকা জোনের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে দোকানপাটসহ অবৈধ সব স্থাপনা উচ্ছেদ শুরু হয়।
পরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ ধরে উপজেলার বাদুয়ারচর গেইটবাজার এলাকা পর্যন্ত শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, বার বার নোটিস ও মাইকিং করার পরও এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
