শরীয়তপুরে এনসিপি নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার রাতে শহরের পৌর ঈদগাহ মাঠের পাশে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান।
তবে ওই এনসিপি নেতার অভিযোগ, এক ‘ছাত্রলীগ নেতা’ তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার পরই এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শরীয়তপুর এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।
সবুজ তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববারও আমার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই আমার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়।”
ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
