২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুহু করে ঢুকছে তিস্তার পানি, ‘পথে বসেছে’ নদীতীরের মানুষ

রংপুরের গংগাচড়ার চর ইচলি, ইশোর কোল, পশ্চিম চর ইচলি, মহিপুর ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয়রা বলেছেন।

আফতাবুজ্জামান হিরু

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 04:58 PM

Updated : 05 Oct 2023, 04:58 PM

এক রাতে তিস্তার পানি বেড়ে লোকালয়ে ঢুকে প্লাবিত করেছে রংপুরের বিস্তীর্ণ এলাকা। মানুষ বাড়িঘর ছেড়ে গবাদিপশু ও প্রয়োজনীয় আসবাসপত্র নিয়ে উঁচু রাস্তায় বা বেড়িবাঁধে এসে আশ্রয় নিয়েছে। আতঙ্ক আর অসহায় অবস্থার মধ্যে দিন কাটানোর কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। 

পানি উন্নয়ন বোর্ড-পাউবো জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ৯০ সেন্টিমিটার বেড়েছে। এখন কাউনিয়া পয়েন্টে তিস্তা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পাউবোর নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা বলেন, “আশা করা হচ্ছে, রাতেই পানি কমে যেতে পারে। পানি কমে গেলে তিস্তা পাড়ের মানুষরা আবারও ঘরে ফিরে যেতে পারবেন বলে আশা রাখছি।”

তিস্তার উৎপত্তিস্থল ভারতের সিকিম। প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রবল বেগে পানি ঢুকছে উজান থেকে। এর ধাক্কা এসে লেগেছে তিস্তার অববাহিকার ভাটিতে।

বুধবার সকাল থেকে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারির তিস্তা অববাহিকায় পানি ঢুকতে শুরু করে। গতকাল তিস্তা ব্যারেজের কাউনিয়া পয়েন্ট ছাড়া বাকি সব জায়গায় পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। বুধবার রাতে কাউনিয়া পয়েন্টেও পানি বিপৎসীমা ছাড়িয়ে যায়।   

উজান থেকে নেমে আসা ঢল শুরু পরই জেলা ও উপজেলা প্রশাসন নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে মাইকিং শুরু করে। কোথাও কোথাও আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়। বরাদ্দ দেওয়া হয় ত্রাণ সামগ্রী ও অর্থ।

কিন্তু বুধবার দিনের বেলায় খুব বেশি মানুষ ভিটে ছাড়েনি। মধ্যরাতের পর পানি বাড়তে শুরু করলে লোকজন বাড়িঘর ছেড়ে পাশের উঁচু রাস্তায় ও বেড়িবাঁধে এসে আশ্রয় নেওয়া শুরু করে। অনেক এলাকায় পানি ঢুকে রাস্তা তলিয়ে গেছে। কোথাও কোথাও ভেঙেছেও। এর মধ্যে কেউ কেউ বাড়িঘরও হারিয়েছেন। প্রয়োজনীয় আসবাবপত্রও ধরে রাখেত পারেননি বলে জানিয়েছেন।   

তিস্তার পানিতে ডুবে গেছে গংগাচড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। উপজেলার চর ইচলি, ইশোর কোল, পশ্চিম চর ইচলি, মহিপুর ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে ধারণা দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।

তারা জানান, রাত সাড়ে ৩টার দিকে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে আশ্রয় নিয়েছেন। ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

চর ইচলির আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, “বাবারে কী আর কমু; রাত যখন সাড়ে তিনটা বাজে হঠাৎ করে বাড়িতে পানি ঢুকে পড়ে। কয়েক মিনিটে আমার বসত বাড়ির চারটি ঘর ভেসে গেল কোনোকিছুই সরাতে পারিনি।

“আমার ছোট ভাই আব্দুল জাকেরের তিনটি ঘর আর আরেক ছোট ভাই আবুল কালামের তিনটি ঘর এই তিস্তা নিয়ে চলে গেল। এখন আমাদের আর কিছুই থাকল না। আমরা কোথায় আমাদের বউ- বাচ্চা নিয়ে থাকব জানা নেই”, বলছিলেন রহমান।

তিস্তা পাড়ের আজাহার আলী বলেন, “রাস্তার ঘরবাড়ির জিনিসপত্র নিয়ে আছি। এর মধ্যে বৃষ্টিতে সব জিনিসপত্র ভিজে গেছে। তিস্তা পাড়ের মানুষের কষ্টের কোনো শেষ নেই।”