২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

২০২২ সালের ৩১ মার্চ রাতে নিজ ঘরে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন বলে জানান পিপি।

জামালপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
জামালপুর আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 02:48 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় করা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক।

দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) এবং একই এলাকার জাহিদুল ইসলাম (৩৫)।

মামলার বরাতে পিপি ফজলুল হক বলেন, ২০২২ সালের ৩১ মার্চ রাতে উপজেলার একটি গ্রামে ৪০ বছরের এক নারী নিজ ঘরে ধর্ষণের শিকার হন। 

এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে আশকর আলী এবং জাহিদুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলে জানান পিপি ফজলুল হক।

রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী