২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলমেট পরে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে হামলা, তদন্তে কমিটি

ছাত্রলীগের একটি পক্ষ সিটি নির্বাচনের পর বেহাত হাওয়া দুটি হল রাতের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে সাধারণ শিক্ষার্থীরা জানায়। 

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 08:35 PM

Updated : 06 Aug 2023, 08:35 PM

হেলমেট ও মাস্ক পরিহিত অবস্থায় মধ্যরাতে ছাত্রলীগের একটি পক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি হলে হামলা চালিয়ে প্রতিপক্ষের কয়েকজনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা দুটি হল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।   

শনিবার রাতের ওই ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক মো. খোরশেদ আলম।  

এ ছাড়া বহিরাগতদের রোববারের মধ্যে বঙ্গবন্ধু ও শের-ই বাংলা হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রক্টর জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে একাধিক পক্ষ রয়েছে; যারা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাদের মধ্যে বেশ কয়েকবার হামলা, সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। 

বঙ্গবন্ধু ও শের-ই বাংলা হল দুটি দীর্ঘদিন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থকদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু নির্বাচনের পর সেগুলোর নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারীদের দখলে।  

দুটি হলে নিজেদের আধিপত্য পুনরুদ্ধারের অংশ হিসেবেই রাত ১১টার দিকে ছাত্রলীগের একটি পক্ষ হেলমেট ও মাস্ক পরিহিত অবস্থায় এই হামলা চালায়। 

রোববার দুপুরে দুটি হলের অন্তত পাঁচজন সাধারণ শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে ৪০ থেকে ৪৫ জন ছাত্রলীগ কর্মী প্রথমে শের-ই বাংলা হলে প্রবেশ করেন। তাদের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল। 

তারা হলে প্রবেশ করে ফটক আটকে দেন। পরে বাইরে থেকে শিক্ষার্থীদের কক্ষগুলোর সিটকিনি লাগিয়ে দেন। যাতে তারা বাইরে বের হতে না পারেন। এরপর হলের চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে প্রতিপক্ষের কয়েকটি কক্ষ তল্লাশি করেন। 

তারপর সেখান থেকে বেরিয়ে সরাসরি বঙ্গবন্ধু হলের চতুর্থ তলায় যান ছাত্রলীগের ওই কর্মীরা। সেখানে গিয়ে তারা প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের কয়েক সমর্থককে পিটিয়ে আহত করেন। তারপর দুটি হলেরই নিয়ন্ত্রণ নিয়ে নেন তারা। 

হামলায় জাহিদ ফারুকের অনুসারী হিসেবে পরিচিত অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তারা হলেন- বঙ্গবন্ধু হলের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মুয়ীদুর রহমান বাকি (২৮), পদার্থ বিভাগের সাইমুন ইসলাম (২৬), শের-ই বাংলা হলের মার্কেটিং বিভাগের সালাউদ্দিন সালাহউদ্দিন (২৫), মো. আয়াত (২৪), পদার্থ বিজ্ঞান বিষয়ের মিথুন সিকদার ও শান্ত (২৪)। 

হামলার শিকার ছাত্রলীগের একটি পক্ষের নেতা এবং জাহিদ ফারুকের অনুসারী হিসেবে পরিচিত অমিত হাসান রক্তিম দাবি করেন, “ছাত্রলীগের শান্ত-নাভিদ-শরীফ গ্রুপের নেতা মুবাশ্বির রিদম, রিয়াজ মোল্লা, তমালসহ ৪০-৫০ জন হেলমেট ও মাস্ক পড়ে এই হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। 

এ ঘটনায় মামলা করবেন বলে জানান রক্তিম। 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুয়ীদুর রহমান বাকি বলেন, “আমাদের ওপর যারা হামলা করেছে তাদের অধিকাংশই বিগত দিনে নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত। কিন্তু তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় এভাবে হামলা চালানোর সাহস পেয়েছে তারা।” 

মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ফাতাহুর রাফি বলেন, “শনিবার রাতে রক্তিম ও বাকীর নেতৃত্বে বহিরাগতরা একটি পিকআপে (যার নম্বর পটুয়াখালী ন ১১০০২৮) অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তখন তাদের প্রথমে পুলিশ বাধা দেয়। পরে সাধারণ শিক্ষার্থীরা এসে তাদের মারধর করেছে। 

রাফির দাবি, “রক্তিমের ছাত্রত্ব নেই। বাকী প্রশ্ন ফাঁস করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। রক্তিমের নেতৃত্বে ক্যাম্পাসে সিন্ডিকেট তৈরি, ড্রেজার ও দোকান থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ড করে তারা। 

“তাদের এসব অনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণ শিক্ষার্থীরা পরিত্রান চায়। তাই সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। এখন তারা হুমকি দিচ্ছে বহিরাগত নিয়ে আবারও ক্যাম্পাসে প্রবেশ করবে।” 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করেছি। এ জন্য প্রশাসন ও স্থানীয়দের সহায়তা চাওয়া হয়েছে। জড়িতরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, তাহলে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে। যদি মামলা করা হয় তাহলে পুলিশ ব্যবস্থা নেবে।” 

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন বলেন, “হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবৈধ ছাত্রদের অনতিবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের হল ত্যাগ করতে হবে।” 

একই কথা জানিয়ে শের-ই বাংলা হলের প্রভোস্ট মো. জাফর মিয়া বলেন, “বহিরাগতদের রোববার রাতের মধ্যে হল ছাড়তে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, “শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।” 

তদন্তে কমিটি 

রোববার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার বলেন, শনিবার রাতের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হিসাব বিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক হারুন অর রশিদকে। 

কমিটির অপর চার সদস্য হলেন- হল টিউটর রাকিবুল ইসলাম ও তানভীর কায়ছার, সহকারী প্রক্টর সাদিকুর রহমান ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক রাহাত হোসাইন ফয়সাল। 

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সময় বাড়ানো হবে। প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুপ্রভাত। 

‘হামলাকারীদের’ মানববন্ধন 

রাতে হামলা চালিয়ে দুটি হলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ছাত্রলীগের ওই পক্ষটি রোববার দুপুরে ক্যাম্পাসে প্রতিপক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। 

দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের চারদিক প্রদক্ষিণ করে। 

এ ব্যাপারে জানতে চাইলে ফাতাহুর রাফি বলেন, “রক্তিম-বাকী গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাসবিরোধী এই কর্মসূচি পালন করেছে। তারা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানিয়েছেন।”