২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১৯

“এবি পরিবহনের একটি বাস হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাস টার্মিনালে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে যায়।”

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 04:36 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

জয়পুরহাটের সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির জানান।

বেলা দেড়টা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের মধ্যে ৯ জনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসাধীন বাকি দশজন হলেন- পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম (৩০), নাকুরগাছি গ্রামের মানিকের স্ত্রী আলেমন বেওয়া  (৮০), সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন (৪৩), ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬), কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪), কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০),  হাসান আলী (৩৬) ও এমরান হোসেন (২৮)।  

ওসি বলেন, “এবি পরিবহনের একটি বাস হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাস টার্মিনালে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে গেলে ১৯ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।” 

এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।