২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের দেড় বছর করে সাজা

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি ও গডফাদার ইয়াবা, বন্দুক ও গুলিসহ আত্মসমর্পণ করেন। 

কক্সবাজারে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের দেড় বছর করে সাজা

কারাগারে থাকা ১৮ আসামিকে বুধবার সকাল ১১টায় আদালতে আনা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 03:32 PM

Updated : 23 Nov 2022, 04:04 PM

কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আসামিদের দেড় বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১.৫০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম।

তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আসামির মৃত্যু হওয়ায় রায় ঘোষিত হয় ১০১ জনের বিরুদ্ধে।

রায়ে আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া আসামির বিরুদ্ধে পুলিশের করা অস্ত্র মামলায় সবার খালাসের রায় দিয়েছেন বিচারক।

মামলার এজাহারের বরাতে পিপি ফরিদুল জানান, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ সৈকতের নিকটবর্তী এলাকায় ইয়াবা ও অস্ত্রসহ একদল ইয়াবা কারবারি অবস্থান নেওয়ার খবরে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের কাছে আত্মসমর্পণের ইচ্ছে প্রকাশ করেন ১০২ জন।

সেদিন টেকনাফ সদরের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি ও গডফাদার সাড়ে তিন লাখ ইয়াবা, ৩০টি দেশীয় তৈরি বন্দুক ও ৭০টি গুলিসহ আত্মসমর্পণ করেন। 

পরে আত্মসমর্পণকারীকে আসামি করে টেকনাফ মডেল থানার পরিদর্শক শরীফ ইবনে আলম বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা দায়ের করেন। মামলার পর আদালতের মাধ্যমে সব আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

মামলাটি তদন্তভার পান পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।

এদিকে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে ২০১৯ সালের ৭ আগস্ট মোহাম্মদ রাসেল নামে এক আসামি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর ২০২০ সালের ২০ জানুয়ারি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্ন ফারাহের আদালতে ১০১ জন আসামীর বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

ওই বছরের ২৭ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সব আসামির উপস্থিতিতে শুনানি শেষে মামলার চার্জ গঠন করেন। এবং সব আসামির জামিন প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের পক্ষে সাক্ষীদের জেরা করা হয়। আসামিদের পক্ষে আদালতে দুই জন সাফাই সাক্ষী প্রদান করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গত ১৫ নভেম্বর মামলার রায় ঘোষণার জন্য বুধবার (২৩ নভেম্বর) দিন ধার্য করে আদেশ দেন। সেদিন আদালতে মাত্র ১৭ আসামি উপস্থিত ছিলেন। পরে সবার জামিন বাতিল করে ১৭ জনকে কারাগারে পাঠান বিচারক।

আইনজীবী ফরিদুল জানান, মামলায় কারাগারে থাকা ১৭ আসামিকে বুধবার সকাল ১১ টায় আদালতে আনা হয়। অন্য ৮৪ জন আসামি পলাতক।

তিনি আরও জানান, পলাতক আসামিদের মধ্যে অনেক জনপ্রতিনিধিসহ প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। যার মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির চার ভাই আব্দুল আমিন, আব্দুর শুক্কুর, শফিকুল ইসলাম ও ফয়সাল রহমান, ভাগ্নে সাহেদ রহমান নিপু, চাচাতো ভাই মোহাম্মদ আলমসহ বেশ কয়েকজন নিকটাত্মীয়।

এছাড়াও প্রভাবশালী হিসেবে রয়েছেন, টেকনাফ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ ও বড় ভাই আব্দুর রহমান, বর্তমান জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের ছেলে দিদার মিয়া, টেকনাফ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক এনামসহ আরও অনেকে।

রায় ঘোষণার পর পিপি ফরিদুল আলম গণমাধ্যমকর্মীদের বলেন, মামলার সব আসামি নিজেদের ইয়াবা কারবারি হিসেবে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেছিলেন। এই রায় একটি দৃষ্টান্তমূলক রায়।