নেত্রকোণায় গরু ধান খাওয়া নিয়ে দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যা
পাশের গ্রামের গরু এসে হাওরে কৃষকের বন্ধকি জমির বোরো ধান ক্ষেত খেয়ে ফেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটুনি দেওয়া হয়।
নেত্রকোণার মদন উপজেলায় গরু ধান খাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে বলে জানান মদন থানার ওসি হাসনাত জামান।
নিহত বাচ্চু তালুকদার (৬০) নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের প্রয়াত জাহেদ তালুকদারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাওরে বন্ধকি জমিতে বোরো ধান আবাদ করেন বাচ্চু তালুকদার। কয়েকদিন ধরে পাশের মাখনা গ্রাম থেকে গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতি করে আসছিল। বিষয়টি ওই গ্রামের লোকজনকে কয়েকবার জানান তিনি। তবে এতে কোনো কাজ হয়নি।
এদিন বিকালে বাচ্চু তালুকদার জমিতে গিয়ে দেখেন, পুরো ধান ক্ষেত গরু খেয়ে তছনছ করে রেখেছে। বিষয়টি নিয়ে মাখনা গ্রামের করিল ইসলামের সঙ্গে বাচ্চুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই গ্রামের লোকজন লাঠি দিয়ে বাচ্চুকে পিটিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি হাসনাত জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
