পাসপোর্ট-ভিসা ছাড়াই উড়োজাহাজে চড়ে বসা সেই শিশু শিকলমুক্ত, হতে চায় পাইলট
পরিবার থেকে পড়ালেখার খরচ দিতে পারত না বলে শিক্ষকদের গালমন্দ শোনায় বারবার পালিয়ে যেতো শিশুটি।
শিকলমুক্ত হয়েছে পাসপোর্ট-ভিসা, টিকেট-বোর্ডিং পাস ছাড়াই উড়োজাহাজে চড়ে বসা গোপালগঞ্জের আলোচিত শিশু জুনায়েদ মোল্লা। এখন পড়াশোনা করতে সরকারের কাছে সহায়তা চেয়ে পাইলট হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সে।
গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজ চড়ে বসে শিশু জুনায়েদ। রাত সোয়া ৩টার দিকে উড়োজাহাজটি উড্ডয়নের কথা ছিল। ঘণ্টাখানেকের মতো ওই উড়োজাহাজের সিটে বসে ছিল জুনায়েদ। পরে এক যাত্রী উঠে সিট ছাড়তে বললে ধরা পড়ে যায় সে। উড়োজাহাজ থেকে নামিয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে বিমানবন্দর থানা পুলিশ।
গত বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থানা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পারইহাটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় শিশু জুনায়েদ মোল্লাকে। এর পরই বাড়িতে শিকলবন্দি করা হয়ে যায় জুনায়েদ।
জুনায়েদের এক পায়ে শিকল, অন্য পাশ খুঁটির সাথে ছিল তালাবদ্ধ। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। পরে খুলে দেওয়া হয় শিকল। এরপর থেকে মুক্ত পরিবেশে আবারও ঘুরে বেড়াতে পারছে শিশুটি।
পরিবার থেকে পড়ালেখার খরচ দিতে পারত না বলে শিক্ষকদের গালমন্দ শোনায় বারবার পালিয়ে যেতো শিশুটি।
স্বজনদের কাছ থেকে জানা যায়, প্রায়ই বাড়ি থেকে পালিয়ে এদিক-সেদিক চলে যেত জুনায়েদ। ওই দিনও সে পালিয়েছিল বাড়ি থেকে।
তবে এখন থেকে পরিবারকে না বলে আর কোথাও যাবে না, তার কাছ থেকে এমন প্রতিশ্রুতি পেয়ে শিকল খুলে দেন স্বজনরা।
শুক্রবার দুপুরে জুনায়েদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। বাড়ির পাশের খালে গোসল করেছে জুনায়েদ। এখনো জুনায়েদকে দেখতে বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
পড়ালেখা করে পাইলট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে জুনায়েদ। সে উড়োজাহাজে ঘুরতে চায় দেশ-বিদেশ।
সরকারের কাছে সাহায্য চেয়ে জুনায়েদ বলে, “আমি পড়ালেখা শিখতে চাই। শিখে পাইলট হয়ে বিমানে করে দেশ-বিদেশ ঘুরতে চাই।”
জুনায়েদের চাচার ইউসুফ মোল্লা বলেন, জুনায়েদ পাগল নয় যে ওকে শিকল দিয়ে বেঁধে রাখা লাগবে। ওর শিকল খুলে দেওয়া হয়েছে। এখন আগের মত ঘুরে বেড়াতে পারছে। ওর বিমানে ওঠার শখ ছিল। কিন্তু ধরা পড়ায় উড়োজাহাজে চড়ার স্বপ্ন পূর্ণ হয়নি। তাই বন্দর কর্তৃপক্ষের কাছে জুনায়েদের ইচ্ছে পূরণের দাবি জানান ইউসুফ মোল্লা।
জুনায়েদের বাবা ইমরান মোল্লা বলেন, ওর বয়স যখন ৬ বছর, তখন মাদ্রাসায় ভর্তি করে দেন। মাকে দেখার জন্য মন সব সময় ব্যাকুল থাকত তার। মাঝে মাঝে মাদ্রাসা থেকে পালিয়ে প্রথমেই তার মায়ের কাছে যেত সে। মা তাকে আশ্রয় দিত না। তখন কষ্টে সে অন্যত্র চলে যেত। তারপর আবার খোঁজে বের করে বাড়ি নিয়ে আসা হত শিশু জুনায়েদকে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
