উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: কান্টাসের ফ্লাইট বাতিল
পার্থ থেকে রোমের প্রায় ১৭ ঘণ্টার দীর্ঘ যাত্রার সময় বেশ কয়েকজন যাত্রী ছারপোকা কামড়ানোর অভিযোগ করার পর ফ্লাইট বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উড়োজাহাজে ছারপোকার উপদ্রবের কারণে শনিবার ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী কান্টাস এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।গত শুক্রবারের ফ্লাইটে যাত্রীরা ছারপোকার কামড় খাওয়ার অভিযোগ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিডনি মর্নিং হেরাল্ড জানায়, পার্থ থেকে রোমের প্রায় ১৭ ঘণ্টার দীর্ঘ যাত্রার সময় বেশ কয়েকজন যাত্রী ছারপোকা কামড়ানোর অভিযোগ করেন। চুলকানি কমাতে তাদেরকে অ্যান্টিহিস্টামিন দেওয়া হলেও একপর্যায়ে এর সরবরাহ ফুরিয়ে যায়।
ফলে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটিকে গভীরভাবে পরিষ্কার করার জন্য মাটিতে বসিয়ে রাখা হয় বলে বিবিসি-কে কান্তাসের মুখপাত্র।
তিনি বলেন, শনিবারের রোম-পার্থ ফ্লাইট বাতিলের জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। কয়েকটি ইকোনমি সিটে সমস্যা দেখা দেওয়ার পর আমাদের প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মীদেরকে উড়োজাহাজটি ভালভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ারলাইনসটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সব গ্রাহককে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাদের মূল প্রস্থানের ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হয়েছে।
ছারপোকা হল ছোট, ডানাবিহীন পরজীবী যা কাপড়, আসবাবপত্র ও বিছানায় বাস করতে পারে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস)-এর ওয়েবসাইট অনুযায়ী, ছারপোকার কামড়ে চুলকানি হলেও সাধারণত গুরুতর কোনও স্বাস্থ্য সমস্যা হয় না। তবে এগুলো নির্মূল করা বেশ কঠিন ও ব্যয়বহুল।
ভ্রমণের ক্ষেত্রে ছারপোকার কারণে বিঘ্নের এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ইংল্যান্ডে সাউথইস্টার্ন ট্রেনের চালকদের কক্ষে ছারপোকা র উপদ্রবের কারণে বেশ কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছিল।
তাছাড়া, ২০১৭ সালে ভ্যানকুভার থেকে লন্ডনগামী ফ্লাইটে যাত্রীদের ছারপোকার কামড় খাওয়ার ঘটনায় ব্রিটিশ এয়ারওয়েজ ক্ষমা চেয়েছিল। গত বছর তুর্কি এয়ারলাইনসও তাদের উড়োজাহাজে ছারপোকার উপদ্রব এবং এ বিষয়ে কিছু না করার অভিযোগে সমালোচনার মুখে পড়ে।
