২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া দুই বন্ধুর কথা কাটাকাটি থেকে সংঘর্ষ, আহত বহু

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়; পরে পুলিশ এ ঘটনায় দশজনকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 10:35 AM

Updated : 10 Oct 2022, 10:38 AM

দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় দশজনকে আটকের কথা জানিয়েছেন নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার।

স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। তাদের মধ্যে ২৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে; বাকিরা সেখানেই ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, একই এলাকার আবদাল মিয়ার ছেলে রায়হান ও হোসেন মিয়ার ছেলে জাবেদ বন্ধু। রোববার বিকালের দিকে খেলাধুলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

“এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।