১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে স্কুল ছাত্র ও গৃহ শিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপে ২ জনের যাবজ্জীবন

২০২৪ সালের ১১ মার্চ ভোর রাতে ঘুমন্ত স্কুল ছাত্র উৎপল ও গৃহশিক্ষক আশিষের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্র ও তার গৃহ শিক্ষকের উপর অ্যাসিড নিক্ষেপের মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক এ রায় দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. সাখাওয়াত হোসেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালত চালুর পর প্রথম এ রায় দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

তারা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের দিনেশ ঘরামীর ছেলে শিশির ঘরামী (২২) ও একই এলাকার সুদীপ ঘরামীর ছেলে প্রদীপ ঘরামী (২১)। উভয়ে উপজেলার রহমত বাজারের স্বর্ণের ব্যবসায়ী।

অ্যাসিড নিক্ষেপে ভুক্তভোগীরা হলেন, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রোণর ছাত্র উৎপল হালদার (১৫) ও তার গৃহশিক্ষক কৃষি গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আশিষ মল্লিক (১৮)। ভুক্তভোগী ও দণ্ডিতরা পরস্পরের প্রতিবেশী। 

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) নাজিমউদ্দিন আহমেদ পান্না বলেন, রহমতপুর বাজারে স্বর্ণের ব্যবসা নিয়ে স্কুল ছাত্র উৎপলের চাচা ও আসামিদের মধ্যে বিরোধ ও শত্রুতা ছিল। 

এর জের ধরে ২০২৪ সালের ১১ মার্চ ভোর রাতে ঘুমন্ত স্কুল ছাত্র ও গৃহশিক্ষকের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে উৎপলের মুখমণ্ডল ও আশিষের বাহু ঝলসে ও পুড়ে যায়।

এ ঘটনায় উৎপলের বাবা উত্তম হালদার বাদী হয়ে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলায় দুইজন নামোল্লেখ করে ছয় জনকে আসামি করেন।

পরে এয়ারপোর্ট থানার এসআই নিখিল চন্দ্র মজুমদার ওই বছরের ২ আগস্ট শিশির ও প্রদীপ ঘরামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

আদালতে বিচারকাজ চলাকালে ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়, পরে রোববার রায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। 

এ রায়ে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে বলেও মন্তব্য করেন পিপি নাজিমউদ্দিন আহমেদ।