২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষকের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

“রাস্তার কাজ করার সময় যতটুকু মাটি প্রয়োজন তারচেয়ে বেশি মাটি জমি থেকে কেটে বিক্রি করেন আব্দুল মজিদ।”

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষকের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ

পুকুর কাটার বিষয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষক জসিম উদ্দিন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 11:03 PM

Updated : 19 Jul 2023, 11:03 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদের বিরুদ্ধে প্রতিবেশি কৃষকের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের কাছে দুটি অভিযোগ জমা দিয়েছেন চালা ইউনিয়নের কচুয়া গ্রামের মো. জসিম উদ্দিন।

ইউএনওর কাছে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, প্রতিবেশি আব্দুল মজিদ এ বছরের ১৫ মার্চ তার জমি কেটে পুকুর তৈরি করেন। তাকে সমপরিমাণ জমি রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা থাকলেও তিনি তা করে দেননি।

এ ছাড়া চেয়ারম্যান বরাবর দেওয়া অভিযোগে মো. জসিম এই জমির প্রসঙ্গের পাশাপাশি আরও উল্লেখ করেন, “সম্প্রতি উত্তর মেরুন্ডির মান্নান মোল্লার বাড়ি থেকে ছকেল মোল্লার বাড়ি পর্যন্ত একটি রাস্তার অনুমোদন হয়। ছকেল মোল্লার বাড়ির সামনে রাস্তার কাজ করার সময় রাস্তার জন্য যতটুকু মাটি প্রয়োজন তারচেয়ে বেশি মাটি আমার জমি থেকে কেটে বিক্রি করেন আব্দুল মজিদ। মাটি কাটতে বাধা দিলে পরিবারের ওপর হামলা করা হয়। অকথ্য ভাষায় গালাগাল ও মোবাইল টেলিফোন ভাঙচুর করা হয়।”

এসব অভিযোগের ব্ষিয়ে জানতে চাইলে বুধবার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বলেন, “জসিমসহ তার ভাইদেরকে ৫ লাখ টাকা দিয়েছি। আমি কেন জমি রেজিস্ট্রেশন করে দেব? জসিম এবং তার ভাইয়েরা আমাকে রেজিস্ট্রেশন করে দেবে। ঝামেলা থাকলে জসিমদের ভাইদের মধ্যে আছে, আমার সঙ্গে নেই।”

এ ছাড়া হামলা, গালাগালি বা মোবাইল ভাঙচুরের অভিযোগও অস্বীকার করেন তিনি। মাটি বিক্রির কথাও অস্বীকার করেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  শাহরিয়ার রহমান বলেন, “অভিযোগ পেয়ে দু'পক্ষকে ডেকেছিলাম। দুপক্ষের কথা শুনেছি। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।”

হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানও জানিয়েছেন, শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে।