২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৈতিক স্খলনের অভিযোগে বগুড়ার এনসিপি নেতা শওকত ইমরানকে অব্যাহতি

শনিবার ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আছে শওকত ইমরানের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 12:12 AM

Updated : 11 Sep 2026, 03:47 PM

নৈতিক স্খলনের অভিযোগে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

একই সঙ্গে কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে দলটি। 

মঙ্গলবার এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক নোটিশে এই অব্যাহতির সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই নোটিশ জারি করা হয়। 

এতে বলা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

নোটিশে শওকত ইমরানকে আগামী দুই কার্যদিবসের মধ্যে সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপি বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্যসচিব রিগান হোসেন বলেন, শওকত ইমরানকে এনসিপি থেকে সাময়িক অব্যাহিত দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তা নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত সত্য উদঘাটন করাই ন্যায়বিচারের মৌলিক শর্ত। 

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি নেতা শওকত ইমরানের মোবাইলে একাধিকার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

শনিবার ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আছে এনসিপি নেতা শওকত ইমরানের বিরুদ্ধে।

আরও পড়ুন:

ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে নির্যাতন, টাকা আদায়ের অভিযোগ এনসিপি