১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ‘৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি’ জব্দ

অভিযানের বিষয়টি টের পেয়ে কভার্ডভ্যান ফেলে সবাই পালিয়ে যায় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কুমিল্লায় ‘৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি’ জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকায় একটি কভার্ড ভ্যান থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

কুমিল্লায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।  

শুক্রবার দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়। 

এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।

যানটিতে ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয়  অবৈধ আতশবাজি পাওয়া যায় জানিয়ে বিজিবি কর্মকর্তা  জাহিদ পারভেজ বলেন, এসব বাজির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। 

জব্দ মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

অভিযানে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট রতন কুমার বলেন, “কুমিল্লায় ‘মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস’ লেখা একটি কভার্ড ভ্যান থেকে বিপুল পরিমান অবৈধ আতশবাজি জব্দ করা হয়। আতশবাজির প্যাকেটের গায়ে যেসব ফোন নম্বর লেখা রয়েছে, সবগুলো বন্ধ পাওয়া গেছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কভার্ডভ্যান ফেলে সঙ্গে থাকা সবাই পালিয়ে যায় বলে জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।