নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবি এবং কলেজের কার্যক্রম বন্ধ করে টাঙ্গাইলে স্থানান্তরের প্রতিবাদে এ কর্মসূচি হয়।
নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবি এবং কলেজের কার্যক্রম বন্ধ করে টাঙ্গাইলে স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা অবরোধ করেন।
পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকাল পৌনে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেওয়ার কথা বলে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী মো. কাউছারুজ্জামান।
সড়ক অবরোধের সময় ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। এ সময় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ হয়।
শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর শিক্ষার্থীদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে নির্দেশনা দেওয়া হয়।
এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজকে চালু রাখাসহ বস্ত্র অধিদপ্তরে নিয়ে পরিচালনার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের বারবার কথা করেন। কিন্তু তারা ব্যর্থ হন। চার ঘণ্টা পর শিক্ষার্থীরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিজ থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে দফায় দফায় মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ এবং তাঁতবোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন।
