Published : 25 May 2026, 03:24 PM
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
রোববার রাত ৮টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পিড়ার মোড় এলাকায় এবং রাত ২টার দিকে দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতরা হলেন- বদলগাছী উপজেলার গাবনা গ্রামের এনামুল হকের ছেলে আলী জাকের (২৫), মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) এবং ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।
তারা তিনজন রাজশাহীতে পড়াশোনা করতেন বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচায় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পত্মীতলা থানা পুলিশ ও স্থানীয়রা বলেন, একটি আটেরিকশা নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহত আলী জাকেরসহ আরও দুইজন মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।
এ সময় জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকেরকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
তাজুল ইসলাম বলেন, “আমি একটি অটোরিকশা ভাড়া করে আহতদের সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এরমধ্যে জানতে পারি একজনের মৃত্যু হয়েছে। আর অপর দুইজনকে ভর্তির সকল ব্যবস্থা করানো হয়েছে।”
পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ডাম্প ট্রাকটি পালিয়ে যাওযায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।